টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েক দিন ধরে জ্বর ও পেটের সংক্রমণজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী, অভিনেতা ও প্রযোজক সৌরভ দাস।
তিনি জানান, গত কয়েক দিন ধরে দর্শনার জ্বর ওঠানামা করছিল এবং পেটের সমস্যাও বাড়ছিল। চিকিৎসকের পরামর্শ নিতে গেলে প্রাথমিক পরীক্ষার পরই পরিস্থিতির গুরুত্ব বোঝা যায়। পরে তাকে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী। তার একাধিক পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং সে অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবার সূত্রে জানা গেছে, শুরুতে পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক থাকলেও এখন ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন, পর্যাপ্ত বিশ্রাম ও সঠিক চিকিৎসা পেলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন দর্শনা বণিক।
এদিকে খবরটি প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করছেন অনুরাগীরা। টলিউডের অনেক তারকাও তার পাশে থাকার বার্তা দিয়েছেন।
পরিবারের পক্ষ থেকে সবাইকে গুজবে কান না দিয়ে অভিনেত্রীর সুস্থতার জন্য প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে।