যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নিজের মন্তব্যে আলোচনায় এসেছেন। নিউইয়র্কে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, তাকে ‘বোকা’ বলা সবচেয়ে অপছন্দের বিষয়। তবে ‘ব্রিলিয়ান্ট স্বৈরশাসক’ বলা হলে তার আপত্তি নেই।
শুক্রবার (২৩ মে) এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, সমালোচকরা তাকে ‘ডাম্ব’ বা বোকা বলায় তিনি এতটাই বিরক্ত হয়েছিলেন যে, নিজের চিকিৎসকের কাছে বুদ্ধিমত্তা যাচাইয়ের কোনো পরীক্ষা আছে কি না জানতে চেয়েছিলেন।
ট্রাম্প বলেন, “আমি পৃথিবীর সবচেয়ে স্মার্ট মানুষদের একজন। আর আপনারা কি একজন বুদ্ধিমান প্রেসিডেন্ট চান না?”
সমাবেশটি মূলত মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে হলেও বক্তব্যের একপর্যায়ে তিনি নিজের মানসিক সক্ষমতা নিয়ে চলমান বিতর্কের প্রসঙ্গ টানেন।
তিনি বলেন, “ওরা আমাকে নিয়ে খারাপ একটা কথা বলে— আমি নাকি বোকা। তখন আমি ডাক্তারকে বললাম, ‘আমাকে ব্রিলিয়ান্ট স্বৈরশাসক বললে সমস্যা নেই, কিন্তু বোকা বলবেন না।’”
ট্রাম্প আরও জানান, পরে তার চিকিৎসক তাকে একটি কগনিটিভ বা মানসিক সক্ষমতা পরীক্ষার কথা বলেন। এ সময় তিনি জানতে চান, আগে কোনো প্রেসিডেন্ট এমন পরীক্ষা দিয়েছেন কি না। চিকিৎসক নাকি উত্তরে বলেন, খুব কম মানুষই এ ধরনের পরীক্ষা দেন।
বক্তৃতায় ট্রাম্প দাবি করেন, পরীক্ষার প্রশ্নগুলো শুরুতে সহজ হলেও শেষের দিকে বেশ কঠিন হয়ে যায়। তিনি অতীতেও একাধিকবার দাবি করেছেন যে, তিনি এসব পরীক্ষায় “অসাধারণ ফল” করেছেন।
গত মাসেও সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে চাইলে প্রত্যেক প্রার্থীর জন্য কগনিটিভ পরীক্ষা বাধ্যতামূলক করা উচিত। সেখানে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জো বাইডেন-এর সমালোচনাও করেন।
এদিকে ট্রাম্পের মানসিক সক্ষমতা নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞও মন্তব্য করেছেন। টাফটস ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের মনোরোগবিদ্যার অধ্যাপক ড. হেনরি ডেভিড আব্রাহাম বলেন, অল্প সময়ের ব্যবধানে বারবার এ ধরনের পরীক্ষা দেওয়া উদ্বেগের বিষয় হতে পারে।
অন্যদিকে সাবেক জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জন গার্টনার দাবি করেছেন, ট্রাম্পের মানসিক সক্ষমতায় অবনতির লক্ষণ দেখা যাচ্ছে।
তবে ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি ট্রাম্পকে “দীর্ঘ সময়ের মধ্যে সবচেয়ে তীক্ষ্ণ ও দূরদর্শী প্রেসিডেন্ট” বলে মন্তব্য করেছেন।
সূত্র: এনডিটিভি।