Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

৩২ কিলোমিটার পথ পায়ে হেঁটে স্মৃতিসৌধে শহীদদের স্মরণ

ঢাকা ইনফো২৪
মার্চ ২৭, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

মহান স্বাধীনতা দিবসে ৩২ কিলোমিটার পথ পায়ে হেঁটে এবং ৬ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণ করেছেন ‘শোক থেকে শক্তি: অদম্য পদযাত্রা’র অংশগ্রহণকারীরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এই পদযাত্রা স্বাধীনতা ও গণআন্দোলনের বিভিন্ন ঐতিহাসিক স্থান অতিক্রম করে সন্ধ্যায় জাতীয় স্মৃতিসৌধে এসে শেষ হয়।

আয়োজকরা জানান, মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ এবং নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার চেতনা জাগ্রত করতেই ‘শোক থেকে শক্তি: অদম্য পদযাত্রা’২০১৩ সালে কয়েকজন তরুণের উদ্যোগে প্রথমবারের মতো এই পদযাত্রা শুরু হয়। পরবর্তীতে প্রতিবছর অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকে।

তারা বলেন, ১৯৪৮ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। সেই ইতিহাস স্মরণ করতেই প্রতিবছর স্বাধীনতা দিবসকে ঘিরে এই পদযাত্রার আয়োজন করা হয়।

অভিযাত্রীর সংগঠক মো.ইমাম হোসেন বলেন,আমরা পদযাত্রীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু করে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ভিসি চত্বরের স্মৃতি চিরন্তন অতিক্রম করে নীলক্ষেত, কাঁটাবন, সায়েন্স ল্যাব, পিলখানা ও জিগাতলা হয়ে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ এলাকায় পৌঁছান। একাত্তরে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগী আল-বদর বাহিনীর নির্যাতনের একটি ঘাঁটি ছিল এই এলাকা।

সেখান থেকে তারা রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি নীরবে শ্রদ্ধা জানান এবং আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখেন। পরে মিরপুর মাজার রোড হয়ে আমিনবাজার ব্রিজের দিকে অগ্রসর হন পদযাত্রীরা।

এরপর দিয়াবাড়ি ঘাটে পৌঁছে নৌকায় করে তুরাগ নদী পার হন অংশগ্রহণকারীরা। নদী পার হয়ে সাদুল্ল্যাপুরের শতবর্ষী বটগাছের নিচে সংক্ষিপ্ত বিরতি নেওয়া হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আকরাইন বাজারে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মধ্যাহ্নভোজ শেষে পদযাত্রা কলমা গ্রামের মেঠোপথ ধরে সাভার ডেইরি ফার্ম হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হয়। পথে ডেইরি ফার্ম গেটে শহীদ টিটোর সমাধিতে শ্রদ্ধা জানান তারা। এরপর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার অতিক্রম করে গোকুলনগর গ্রামের পথ ধরে এগিয়ে যান অংশগ্রহণকারীরা।

সবশেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মরণের মধ্য দিয়ে রাতে পদযাত্রা শেষ হয়।

এই পদযাত্রায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য, মুক্তিযোদ্ধা পরিবার ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পথে পথে তারা শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং মুক্তিযুদ্ধের গান ও স্লোগানে পরিবেশ মুখরিত করে তোলেন।

আয়োজকরা জানান, গত কয়েক বছরে এই পদযাত্রা ঢাকার বাইরেও দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মেহেরপুর, জামালপুর, পাবনা ও মৌলভীবাজার উল্লেখযোগ্য। ২০২০ সালে করোনা মহামারির কারণে পদযাত্রা স্থগিত থাকলেও পরবর্তী বছরগুলোতে আবারও তা আয়োজন করা হয়।

আয়োজকদের আশা, এই পদযাত্রার মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে আরও সচেতন হবে এবং স্বাধীনতার চেতনাকে হৃদয়ে ধারণ করবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।