বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস-এর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বর্তমানে তিনি সিঙ্গাপুরের সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের সদস্যদের বরাতে বিএনপির মিডিয়া সেল শুক্রবার (২৮ মার্চ) জানায়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যেই তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করার পর হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ঢাকায় ভর্তি করা হয়। সেখানে অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
বর্ষীয়ান এই রাজনীতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরাজিত করেন।
বর্তমানে তিনি সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পর্যায়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
