মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও অস্থিরতার কারণে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল পরিবহনে ঝুঁকি তৈরি হয়েছে। এর ফলে পূর্বপরিকল্পিত তেলের জাহাজগুলো সঠিক সময়ে বাংলাদেশে পৌঁছাতে পারছে না। এই পরিস্থিতিতে দেশের অনেক পেট্রোল পাম্পে তেলের অভাব দেখা যাচ্ছে। তারি ধারাবাহিকতায় প্রশাসনের কঠিন নজরদারি চলছে।
এই নজরদারির প্রেক্ষিতে ময়মনসিংহের ফুলপুরে গত শনিবার (২৮ মার্চ, ২০২৬) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পৌর ৯নং আমুয়াকান্দা ওয়ার্ডের একটি মিনি পাম্পে বিপুল পরিমাণে ডিজেল ও পেট্রোল অবৈধভাবে মজুদ পাওয়া গেছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর এ.বি.এম. মোশারফ হোসেন সহ ফুলপুর থানার পুলিশ প্রশাসন।
প্রশাসন জানায়, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দুপুর সাড়ে ১২টায় আমুয়াকান্দার পয়ারী রোডের কাড়াহা মোড় সংলগ্ন স্থানে মেসার্স পপি ট্রেডার্স নামীয় পেট্রোল পাম্পে (মিনি পাম্প) অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল এবং ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল অবৈধভাবে মজুদ পাওয়া যায়। পরে অভিযুক্ত মেসার্স পপি ট্রেডার্স নামীয় পেট্রোল পাম্পের মালিক হাবিবুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অবৈধভাবে মজুদকৃত তেল পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।
কুশল/সাএ
