আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের পাঁচটি সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার রাতে রাজধানীর বাংলা মোটরে দলটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম চূড়ান্ত করেন।
পাঁচ সিটিতে মনোনীত প্রার্থীরা হলেন:
ঢাকা উত্তর সিটি করপোরেশন: আরিফুল ইসলাম আদীব (সিনিয়র যুগ্ম আহবায়ক, এনসিপি)।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (মুখপাত্র, এনসিপি)।
রাজশাহী সিটি করপোরেশন: মো. মোবাশ্বের আলী (আহবায়ক, রাজশাহী মহানগর এনসিপি)।
সিলেট সিটি করপোরেশন: অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল (আহবায়ক, সিলেট মহানগর এনসিপি)।
কুমিল্লা সিটি করপোরেশন: অ্যাডভোকেট তারিকুল ইসলাম (আহবায়ক, জাতীয় যুবশক্তি)।
সাংবাদিক সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখতে এবং স্থানীয় প্রশাসনকে গতিশীল করতে আগামী ছয় মাসের মধ্যে সকল স্তরের স্থানীয় সরকার নির্বাচন বাস্তবায়ন করতে হবে।
এনসিপি নেতারা জানান, দুর্নীতিমুক্ত নগর গঠন এবং জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতেই তারা মাঠপর্যায়ের যোগ্য নেতৃত্বকে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। এই নির্বাচনের মাধ্যমে দলটি তাদের সাংগঠনিক শক্তির জানান দিতে চায়।
আখতার বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের কোনো দোসর নির্বাচন করতে পারবে না। এ বিষয়ে কোনো যদি, কিন্তু চলবে না।
