রাঙামাটির লংগদু উপজেলার ভাঙ্গামুড়া হকপাড়া এলাকায় স্থানীয় জনগণের বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে সোলার ডিপ টিউবওয়েল স্থাপন করেছে লংগদু জোন।
মঙ্গলবার (৩০ মার্চ) লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ’র সার্বিক দিকনির্দেশনায় এর শুভ উদ্বোধন করেন উপ-অধিনায়ক মেজর আল জাকারিয়া জন।
এ প্রকল্পের মাধ্যমে ভাঙ্গামুড়া হকপাড়া এলাকার প্রায় ৭৫টি পরিবার বিশুদ্ধ পানির সুবিধা গ্রহণ করবে। যার মধ্যে ১০টি বাঙালি এবং ৬৫টি পাহাড়ি পরিবার রয়েছে। এতে জনস্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে মেজর আল জাকারিয়া জন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং টিউবওয়েলের সঠিক ব্যবহার ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, লংগদু জোন সবসময় স্থানীয় জনগণের কল্যাণ, সামাজিক সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, লংগদু জোন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই উদ্যোগ সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
কুশল/সাএ
