Dhakainfo24
ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পাম্প ঘুরেও তেল পেলেন না এমপি, ঝারলেন ক্ষোভ

ঢাকা ইনফো২৪
মার্চ ৩০, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

পেট্রোল পাম্পে ঘুরেও নিজের গাড়ির জন্য জ্বালানি না পাওয়ার অভিযোগ তুলেছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। তার এই অভিযোগের সঙ্গে একমত পোষণ করেছেন আরও একজন সংসদ সদস্য।

তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সংসদে বক্তব্য দিয়ে দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, দেশে জ্বালানির কোনো প্রকৃত সংকট নেই; অতিরিক্ত মজুত প্রবণতার কারণেই কৃত্রিম চাপ তৈরি হয়েছে।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে ৭১ বিধিতে বক্তব্য দিতে গিয়ে আনোয়ারুল ইসলাম এ অভিযোগ তোলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানও উপস্থিত ছিলেন।

বক্তব্যে আনোয়ারুল ইসলাম বলেন, তেলের সংকট নেই বলা হলেও তিনি নিজেই কয়েকটি পেট্রোল পাম্পে ঘুরে গাড়ির জন্য জ্বালানি পাননি।

এ সময় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম তার বক্তব্য সমর্থন করে বলেন, তার এলাকাতেও পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না। তবে চালকরা বোতলে করে বাইরে থেকে মোটরসাইকেলের জন্য তেল কিনতে পারছেন।

অন্যদিকে, একই দিনে সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দাবি করেন, সম্ভাব্য চাহিদার তুলনায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি ও মজুত রয়েছে।

মন্ত্রী বলেন, ‘একটি বিষয়ে সবাইকে পরিষ্কারভাবে অবহিত করতে চাই-আমাদের মোট ব্যবহৃত জ্বালানির প্রায় ৬৩ শতাংশই ডিজেল, যার সরবরাহ স্বাভাবিক। অন্যদিকে অকটেন ও পেট্রলের ব্যবহার তুলনামূলকভাবে কম-প্রায় ৬ থেকে ৬ দশমিক ৮ শতাংশের মধ্যে। সুতরাং ফিলিং স্টেশনগুলোতে পেট্রল বা অকটেনের জন্য দীর্ঘ লাইনের যে চিত্র দেখা যাচ্ছে, তা জ্বালানির প্রকৃত সংকটের প্রতিফলন নয়; বরং অতিরিক্ত ক্রয় ও মজুত প্রবণতার কারণে সৃষ্ট একটি কৃত্রিম চাপ।’

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের অস্থিরতার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংঘাত ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে সরকার সময়োপযোগী ও কার্যকর প্রস্তুতি নিয়েছে।

জ্বালানির মজুত সম্পর্কে তিনি সংসদকে জানান, গত বছরের তুলনায় সরবরাহ বাড়ানো হয়েছে। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি সরকার দায়িত্ব গ্রহণের সময় তেলের মজুত ছিল ২ লাখ ৬০ হাজার টন, যা ৩০ মার্চে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার টনে। এই ৪১ দিনে ৪ লাখ ৮২ হাজার টন ডিজেল বিক্রি হওয়ার পরও উল্লেখযোগ্য মজুত ধরে রাখা সম্ভব হয়েছে, যা সরকারের কার্যকর ব্যবস্থাপনার প্রমাণ বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রকৃত চাহিদার তুলনায় বাজারে অস্বাভাবিক চাহিদা তৈরি হয়েছে। গত বছর মার্চে দৈনিক ডিজেলের চাহিদা ছিল প্রায় ১২ হাজার টন, আর অকটেন ও পেট্রোলের চাহিদা ছিল যথাক্রমে ১ হাজার ২০০ ও ১ হাজার ৪০০ টন। কিন্তু চলতি বছর মার্চে অকটেনের ব্যবহার অস্বাভাবিকভাবে বেড়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, একটি মোটরসাইকেল দিনে একাধিকবার এসে প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি সংগ্রহ করছে।

সরকার ডিজেলের পাশাপাশি অকটেন সরবরাহ স্বাভাবিক রাখতে উদ্যোগ নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, চুক্তি অনুযায়ী এপ্রিল মাসে ৫০০ টন অকটেন আমদানি করা হচ্ছে। একই সঙ্গে দেশীয় উৎস থেকেও সরবরাহ নিশ্চিত করা হবে।

কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। জানান, ইতোমধ্যে ৩ হাজার ১৬৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ৫৩টি মামলা দায়ের, ৭৫ লাখ টাকা জরিমানা এবং ১৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসব অভিযানে মোট ২ লাখ ৮ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ১ লাখ ৪০ হাজার লিটার ডিজেল, ২২ হাজার লিটার অকটেন এবং ২৩ হাজার লিটার পেট্রোল রয়েছে। জনগণের স্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।