জাতীয় সংসদে নামাজ আদায় করতে গিয়ে জুতা বদলের এক মজার ঘটনার কথা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন মাদারীপুর-১ আসনের ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
সোমবার (৩০ মার্চ) রাত প্রায় ৯টার পরে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, সংসদ ভবনে নামাজ শেষে বের হয়ে দেখেন তার জুতাটি নেই, বদলে সেখানে অন্য একটি জুতা রাখা রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ ভুল করে তার জুতা নিয়ে গেছেন এবং তার জুতাটিও অন্য কারও পায়ে চলে গেছে।
পোস্টে হানজালা বিষয়টিকে হাস্যরসের সঙ্গেই তুলে ধরেন। তিনি লিখেছেন, এ ধরনের ঘটনাগুলো জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তের অংশ। একই সঙ্গে তিনি যিনি ভুল করে জুতা নিয়ে গেছেন তার মঙ্গল কামনা করেন।
সংসদ সদস্য আরও জানান, যিনি তার জুতা নিয়ে গেছেন, তিনি যদি পোস্টটি দেখে থাকেন, তাহলে জুতাটি ফিরিয়ে দিলে তিনি খুশি হবেন। বর্তমানে যে জুতাটি তার কাছে এসেছে, সেটি যথাস্থানে সংরক্ষণ করে রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
