কিশোরগঞ্জে মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে এখন থেকে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ‘বিশেষ জ্বালানি কার্ড’ বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ৫ এপ্রিল থেকে এই কার্ড ছাড়া জ্বালানি তেল পাওয়া যাবে না। এর আগেই জেলা প্রশাসকের কার্যালয় অথবা স্থায়ী ঠিকানা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয় থেকে এই কার্ড সংগ্রহ করতে হবে।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিকেলে জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পেট্রোল পাম্প থেকে জ্বালানি সংগ্রহ করতে হলে জেলা প্রশাসকের কার্যালয় অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ‘বিশেষ জ্বালানি কার্ড’ সংগ্রহ করতে হবে। এই কার্ড সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়া হবে।
আগামী ৪ এপ্রিলের মধ্যে মোটরসাইকেল মালিকদের আবশ্যিকভাবে এই কার্ড সংগ্রহ করতে হবে। অন্যথায় ৫ এপ্রিল থেকে কিশোরগঞ্জ জেলার কোনো পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল সরবরাহ বা বিপণন করা হবে না।
জেলা প্রশাসক জানান, পেট্রোল ও অকটেনের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে মোটরসাইকেল মালিক ও চালকদের জন্যই এই ‘বিশেষ জ্বালানি কার্ড’ চালু করা হচ্ছে। জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির নিবন্ধনের এক সেট ফটোকপি এবং এক কপি পাসপোর্ট আকারের ছবি জমা দিলে তারা বিনা মূল্যে এই কার্ড পাবেন। আগামীকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে সংশ্লিষ্ট দপ্তরে কাগজপত্র জমা দিয়ে কার্ড সংগ্রহ করা যাবে।
অন্য জেলার যারা চাকরি বা অন্য সূত্রে কিশোরগঞ্জ সদর উপজেলায় অবস্থান করছেন, তারা জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা বাণিজ্য শাখা (রুম নং-২৩৬) থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন। আর যারা অন্য উপজেলায় অবস্থান করছেন, তারা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে কার্ড সংগ্রহ করবেন।
এদিকে প্লাস্টিক বোতল বা ড্রামসহ কোনো কনটেইনারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলাবাজারে জ্বালানি তেলের ক্রয়-বিক্রয়ও বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ ছাড়া কার্ডের মাধ্যমে প্রাপ্ত তেল কোনোভাবেই হস্তান্তর বা বিক্রয়যোগ্য নয়।
নতুন এই সিদ্ধান্তের খবরে গতকাল রাত থেকেই জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
