ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম ঘিরে দলীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
দ্বিতীয় দিনের মতো আজও মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমে প্রার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
শনিবার সকাল থেকেই কার্যালয়ের ভেতর-বাইরে ছিল কর্মচাঞ্চল্যপূর্ণ পরিবেশ। সড়কজুড়ে শোনা গেছে স্লোগান, কোথাও প্রার্থীদের ছোট ছোট জটলা, আবার কেউ ফরম সংগ্রহে ব্যস্ত—সব মিলিয়ে পুরো এলাকা যেন রাজনৈতিক প্রাণচাঞ্চল্যে ভরপুর হয়ে ওঠে।
দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার থেকে শুরু হওয়া এ কার্যক্রমে ব্যাপক সাড়া মিলেছে এবং দ্বিতীয় দিনেও সেই আগ্রহ অব্যাহত রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে প্রার্থীদের ভিড় আরও বাড়ছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, সংসদ সদস্য নির্বাচনের মতোই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাচাই-বাছাই করা হচ্ছে। দীর্ঘ সময় পর অবাধ নির্বাচনী পরিবেশে গণতান্ত্রিক চর্চার যে সুযোগ তৈরি হয়েছে, তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। তিনি আরও জানান, মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন রোববার।
এদিকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম ক্রয় করে আলোচনায় এসেছেন ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর ও নলছিটি) আসনের বিএনপির সক্রিয় নেত্রী জেবা আমিনা আল গাজী। তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় এই নেত্রী অতীতে আওয়ামী লীগ সরকারের সময় একাধিকবার হামলার শিকার হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। পাশাপাশি বিভিন্ন মামলায় জড়িয়ে কারাবরণও করতে হয়েছে তাকে। মাঠপর্যায়ের রাজনীতিতে কর্মীবান্ধব নেতা হিসেবে তার একটি সুপরিচিত অবস্থান রয়েছে।
মনোনয়ন ফরম সংগ্রহের পর জেবা আমিনা আল গাজী বলেন, “আমরা দীর্ঘদিন রাজপথে ছিলাম, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি। দল যদি সেই ত্যাগ ও অবদান মূল্যায়ন করে, তাহলে অবশ্যই আমাকে বিবেচনায় নেবে—এই বিশ্বাস আমার রয়েছে।”
দ্বিতীয় দিনের চিত্রে স্পষ্ট, সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে বিএনপির ভেতরে শুধু প্রতিযোগিতা নয়, বরং রাজনৈতিক অংশগ্রহণের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেত্রী—সবাই এই প্রক্রিয়ার অংশ হতে আগ্রহী।
এখন দেখার বিষয়, এই প্রতিযোগিতামূলক দৌড় থেকে কারা শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় স্থান করে নেন, আর কারা থেকে যান প্রত্যাশার সারিতে।
