ময়মনসিংহের ফুলবাড়িয়া বিদ্যুৎ খুঁটির ট্রান্সফরমারে কাজ করতে গিয়ে হেলাল উদ্দিন (৪৭) নামে এক বিদ্যুৎ কর্মী বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেছেন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার লক্ষীপুর বাজারে একটি ট্রান্সফরমারের ফিউজ লাগাতে গেলে হেলাল উদ্দিন বিদ্যুতায়িত হন । পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, হেলাল উদ্দিন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ( পিডিবি) এর ফুলবাড়িয়া অফিসের দেওখোলা ইউনিয়নের লাইন মিস্ত্রি হিসেবে কাজ করতেন। তিনি উপজেলার চৌদার গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ফুলবাড়িয়া কার্যালয়ের আবাসিক প্রকৌশলী প্রশান্ত কুমার ধর জানান, এ বিষয়ে কারো দায় থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফুলবাড়িয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎ কর্মীর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
অপরদিকে লাইন মিস্ত্রির মর্মান্তিক মৃত্যুতে তার গ্রামের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। তাদের কান্নায় গ্রামের আকাশ বাতাস ভারি হয়ে উঠছে।
কুশল/সাএ
