বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আঞ্চলিক ভাষার কবিতা আবৃত্তিতে চমক দেখিয়েছে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের শিক্ষার্থী তাহিয়া তাসনিম নুহা। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সে দ্বিতীয় স্থান অর্জন করে।
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম, লালমনিরহাটের উদ্যোগে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
প্রতিযোগিতায় অংশ নিয়ে নুহা তার আবৃত্তি দিয়ে উপস্থিত দর্শক ও বিচারকদের মুগ্ধ করে। নুহা বলে, “ছোটবেলা থেকেই কবিতা আবৃত্তি করতে ভালো লাগে। এ অর্জনে আমি খুব আনন্দিত। ভবিষ্যতে আরও ভালো করতে চাই।”
শিবরাম আদর্শ পাবলিক স্কুলের পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, “নুহা অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। তার এ সাফল্যে আমরা গর্বিত। ভবিষ্যতে সে আরও ভালো করবে বলে আশা করি।”
সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক মুফীল মোহাম্মদ বলেন, “নতুন প্রজন্মকে সংস্কৃতির সঙ্গে যুক্ত করতেই এ আয়োজন। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।” বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বই ও সনদ প্রদান করা হয় বলে জানান তিনি।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, “এ ধরনের আয়োজন শিশুদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নুহার এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও উৎসাহিত করবে।”
