শনিবার , ২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসির মানববন্ধন

ঢাকা ইনফো২৪
মে ২, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

রৌমারী উপজেলার পূর্ব চর ইছাকুড়ি গ্রামের জিনজিরাম নদীর ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। শনিবার (২ মে) বেলা ১২টার দিকে উপজেলার মির্জাপাড়া ও গোলাগ্রাম জকির মোড় পূর্ব পাশে জিনজিরাম নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চান্দার চর, ফুলবাড়ি, গোয়ালগ্রাম, পূর্ব চর ইছাকুড়িসহ আশপাশের কয়েকটি গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। স্থানীয় এলাকাবাসি জানান, আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের বসবাস এই অঞ্চলে। প্রতিদিন এই পথ ব্যবহার করে শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চলাচল করে।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, জিনজিরাম নদীর ওপর একটি ব্রিজ না থাকায় বছরের পর বছর তারা কষ্টে জীবনযাপন করছেন। বর্ষা মৌসুমে নৌকাই একমাত্র ভরসা, আর শুকনো মৌসুমে গ্রামবাসীর নিজ উদ্যোগে নির্মিত ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। বিকল্প কোনো সড়ক ব্যবস্থা না থাকায় জরুরি প্রয়োজনে রোগী, পরিবহন, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাতকরণেও চরম ভোগান্তি সৃষ্টি হয়। তাই এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে স্থায়ী ভাবে একটা ব্রিজ নির্মাণের দাবি জানান এই মানববন্ধনের মাধ্যমে।

মানববন্ধনে বক্তব্য দেন ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান, রৌমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আলী, এলাকাবাসীর প্রতিনিধি আসাদুল হক ও আরিফুল ইসলামসহ আরও অনেকে।

রৌমারীর ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান বলেন, স্বাধীনতার এত বছর পরও আমরা একটি ব্রিজের অভাবে পিছিয়ে আছি। আমাদের সন্তানদের শিক্ষা, কৃষকের উৎপাদিত ফসল, রোগীর চিকিৎসা সবকিছুই এই নদীর কারণে বাধাগ্রস্থ হচ্ছে। একটি ব্রিজ নির্মাণ হলে কয়েকটি গ্রামের মানুষের জীবনমান বদলে যাবে।

রৌমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আলী বলেন, বর্তমান সরকার দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন করছে। আমরা রৌমারীর এই জনপদের মানুষও উন্নয়নের সুফল চাই। দ্রুত জিনজিরাম নদীর ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

মানববন্ধন শেষে এলাকাবাসী সরকারের সংশিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। স্থানীয়দের প্রত্যাশা, জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে দ্রুত ব্রিজ নির্মাণের ব্যবস্থা করা হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।