পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ব্যবধান গড়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এবারের নির্বাচনে নিজেদের ঘাঁটি হারাতে চলেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনের ভোট গণনাকেন্দ্রে গিয়ে তোপের মুখে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ সোমবার (৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনাকেন্দ্র পরিদর্শন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তিনি বিরোধীদের তোপের মুখে পড়েন। তার গাড়ির সামনে ‘চোর চোর’ স্লোগান দেন বিজেপি সমর্থকেরা। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের ফলাফলের এই প্রবণতার মধ্যে কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের বাইরে বিজেপির কর্মীরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়েছেন।
নির্বাচনের মাঝপথে ফেসবুকে এসে একটি ভিডিওবার্তায় সবাইকে আত্মবিশ্বাসী থাকার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চারদিক থেকে যখন বিজেপির জয়ের খবর আসছে, তখন তিনি দাবি করেন, তাদের জয়ের খবরটাই আগে দেখানো হচ্ছে।
এর আগে সোমবার বাংলাদেশ সময় দুপুর একটার দিকে মমতা বলেন, ‘এটা আমি আগেই বলেছি। ওদের জয়ের খবরটা আগে দেখাবে। এটা বিজেপির কৌশল।’
মমতা যখন এসব কথা বলছিলেন, তখন তাকে বেশ চিন্তিত মনে হচ্ছিল। হাতজোড় করে নিজের কর্মীদের তিনি বলেন, ‘দয়া করে কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থীরা কেন্দ্র থেকে আসবেন না, যেখানে কাউন্টিং হচ্ছে সেখানেই থাকবেন।’