ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো জয় পেতে যাচ্ছে বিজেপি। ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ২০৫ আসনে। সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ১৪৮ আসনে জয়, যা বিজেপি অনেক আগেই নিশ্চিত করেছে।
নির্বাচনে বিজেপির এই অভাবনীয় সাফল্যে ভারতের প্রধানমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন।
আজ সোমবার (৪ মে) বাংলাদেশ সময় সন্ধ্যায় এক স্ট্যাটাসে নরেন্দ্র মোদী লেখেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে’।
তিনি লেখেন, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। মানুষের শক্তিই জয়ী হয়েছে এবং সুশাসনের রাজনীতি সফল হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে প্রণাম জানাই।
তিনি আরও লেখেন, মানুষ বিজেপিকে এক অসাধারণ জনসমর্থন দিয়েছে এবং আমি তাদের আশ্বস্ত করছি যে আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সর্বাত্মক চেষ্টা করবে। আমরা এমন একটি সরকার গঠন করব, যা সমাজের সব স্তরের মানুষের জন্য সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।
পশ্চিমবঙ্গে এখনো ভোট গণনা চলছে। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি এখন পর্যন্ত মোট ২০৫টি আসনে এগিয়ে আছে। এর মধ্যে দলটি ৪৯টি আসনে জয়ী হয়েছে এবং ১৫৬টি আসনে তাদের প্রার্থীরা এগিয়ে রয়েছে।
তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত মোট ৮৩টি আসনে এগিয়ে আছে। এর মধ্যে তারা ২১টি আসনে জয়ী হয়েছে এবং ৬২টি আসনে এগিয়ে রয়েছে।
এবারের নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের হার ছিল অভূতপূর্ব। প্রধান নির্বাচন কর্মকর্তার তথ্য অনুযায়ী, গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত প্রথম ধাপে ৯২.৮ শতাংশ এবং ২৯ এপ্রিল অনুষ্ঠিত দ্বিতীয় ধাপে ৯১.৪৭ শতাংশ ভোট পড়েছে।