দেশের যেকোনো দুর্যোগ, সংকট ও রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন, নাটোর ০২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, বিশেষ করে অসহায়, দুস্থ ও নির্যাতিত মানুষের সহায়তায় অতীতের মতো ভবিষ্যতেও বিএনপি মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
বৃহস্পতিবার (০৮ মে) বিকেলে নাটোর জেলা পরিষদ হলরুমে জেলা পরিষদ নাটোরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে দুস্থ, অসহায় ও নির্যাতিত নেতাকর্মীদের মাঝে পাঁচ হাজার করে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, বিএনপি যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, তখনই দেশের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলসহ ১৯৯১ ও ২০০১ সালে বিএনপি সরকারের সময়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল।
তিনি আরও বলেন, যারা বিএনপির জন্য নির্যাতিত হয়েছেন, হামলা-মামলার শিকার হয়েছেন কিংবা আহত হয়েছেন, তাদের প্রত্যেক পরিবারের পাশে বিএনপি থাকবে। দলীয় নেতাকর্মীদের ত্যাগ কখনোই বৃথা যাবে না।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণমুখী রাজনীতিতে বিশ্বাস করে। দেশের মানুষের অধিকার আদায়, মানবিক সহায়তা প্রদান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্য। ভবিষ্যতেও দলটি জনগণের কল্যাণে কাজ করে যাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।