প্যারোলে মুক্তি মিললেও মায়ের জানাযায় অংশ নিতে পারেননি ময়মনসিংহের গৌরীপুর পৌর যুবলীগের সাবেক সভাপতি ও গৌরীপুর সরকারি কলেজের সাবেক জিএস মজিবুর রহমান। তবে পরে তিনি মায়ের দাফনে অংশ নেন। দাফন শেষে পুলিশি প্রহরায় তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
শুক্রবার (১৫ মে) বেলা সাড়ে ১২টার দিকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। মজিবুর রহমান উপজেলার পৌর শহরের বঙ্গবন্ধু সড়ক বাজার পশ্চিম মহল্লার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মজিবুর রহমানের মা হাজেরা খাতুন (৯০) বৃহস্পতিবার রাত ৯টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় ইন্তেকাল করেন। তিনি ৫ ছেলে ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মায়ের মৃত্যুর পর জানাজায় অংশ নেওয়ার সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান শুক্রবার বেলা সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেন।
প্যারোলে মুক্তি পেয়ে মজিবুর রহমান পুলিশি প্রহরায় বাড়িতে পৌঁছালেও নির্ধারিত সময়ের আগেই জানাজা সম্পন্ন হয়ে যায়। পরে মায়ের দাফনে অংশ নিতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। দাফন শেষে তাকে আবারও কারাগারে নেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ২২ ডিসেম্বর গৌরীপুর পৌর শহরের নিজ বাসার সামনে থেকে মজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের নভেম্বর মাসে বিশেষ ক্ষমতা আইনে গৌরীপুর থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায় তিনি বর্তমানে কারাবন্দি রয়েছেন।
মজিবুর রহমান বলেন, “রাজনীতি করলে জেল খাটতে হয়, এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। কিন্তু কষ্ট একটাই—মায়ের শেষ সময়ে আমি তার সেবা করতে পারিনি।”এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, আদালতের নির্দেশে মজিবুর রহমান তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। জানাজা ও দাফন শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।