ঠাকুরগাঁও: দেশে এমন একটি দল ও গোষ্ঠী রয়েছে যারা নানা মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে যে, আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। অথচ জুলাই সনদ আমরাই তৈরি করেছি, সংস্কারটাও আমাদেরই। বিভ্রান্ত ছড়ানো সেই দলটি হলো জামায়াত। এদেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না। তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। আমরা কোনোমতেই তাদের ক্ষমতায় আনতে পারি না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন শেষে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তিনি এ সময় জোর দিয়ে বলেন, জুলাই সনদটা আমাদেরই তৈরি, সংস্কারটা আমাদেরই। কারণ বহু বছর আগে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে এনেছিলেন। এ সময় তাঁর সাথে পরিদর্শনে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম এমপি ও প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।
ঠাকুরগাঁও বিমানবন্দর চালু প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে বিমানবন্দরটি চালু করা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম বলেন, আপনাদের ধৈর্য ধরতে হবে। একটু সময় লাগবে। এমনভাবে করতে চাই না যে, দুদিন পর বন্ধ হয়ে যায়। আমরা স্থায়ী বন্দোবস্ত করতে চাই। তারেক রহমানের নেতৃত্বে যে ওয়াদা করে গেলাম, সেটা যাতে রক্ষা করতে পারি। যত তাড়াতাড়ি সম্ভব বিমানবন্দরটি চালু করা হবে। এই বিশ্বাসটুকু রাখেন। যত কম সময়ের মধ্যে চালু করা দরকার, সেজন্য আমরা রাতদিন পরিশ্রম করব।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে এ সময় জেলা বিএনপির নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিল্পপতি ও ব্যবসায়ী এবং সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।