বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমরা ক্ষমতায় এসেছি মাত্র তিন মাস হলো। এখনো হিসাব-নিকাশই ঠিকমতো নিতে পারিনি। আজকে হিসাব করতে বসেছিলাম, বাংলাদেশের ২০ কোটি মানুষের ওপর হাসিনা মাথাপিছু দেড়শ কোটি টাকার ঋণ করে গেছে।
প্রত্যেক মানুষের মাথায় দেড়শ কোটি টাকার ঋণের বোঝা চাপিয়ে গেছে। আমরা সেই সরকারের দায়িত্ব নিয়েছি। বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া করে গেছে হাসিনা।
মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে জান্নাতি দল প্রার্থী দিয়ে দিয়েছে। বিএনপি দল যাচাই-বাছাই করে যাকে যোগ্য মনে করবে, তাকেই মনোনয়ন দেবে। আমি নেতাকর্মীদের বলে যাচ্ছি, জামায়াত কিন্তু আমাদের ছুঁয়ে ফেলেছে। সুতরাং হৈ-হৈ, ঝৈ-ঝৈ করে লাভ নেই। যাকে দিলে চেয়ারম্যান হবে, তাকেই দিতে হবে। যে জনগণের জন্য কাজ করতে পারবে, তাকেই দিতে হবে। ওমুক ভাই, ওমুক কাকা করে ভাগাভাগি হওয়া যাবে না। তিনি আরও বলেন, চেয়ারম্যান একজন, মেম্বার একজনই বিএনপি থেকে দাঁড়াবে। অনেককেই প্রচারণা করতে দেখা যাচ্ছে ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। আর যারা দরবার-সালিশ করেছেন, দয়া করে তারা নির্বাচন করবেন না। আপনাদের কাছে অনুরোধ। ক্ষুদ্র স্বার্থ ছেড়ে বৃহত্তর স্বার্থে কাজ করুন। দলের জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করুন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক পিপি অ্যাডভোকেট শাকিল হায়দার (রফিক সরকার), সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবু, বিএনপি নেতা গোলাম সাকলাইন চঞ্চল, শম্ভু নাথ দাস, আব্দুল আলীম, সোহেল মাহমুদ খান, সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ আলীম মণ্ডল, সদস্য সচিব হাসনাতে রাব্বি সুমন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ সোহেল আহমেদ, ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, সদস্য সচিব তানভীর ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কুশল/সাএ