ব্রাজিল জাতীয় ফুটবল দলের ১০ নম্বর জার্সি শুধু একটি সংখ্যা নয়, বরং এটি দেশটির ফুটবল ইতিহাসের ঐতিহ্য, মর্যাদা ও দায়িত্বের প্রতীক। এই জার্সি গায়ে জড়িয়ে একসময় ইতিহাস গড়েছেন পেলে, রিভালদো ও রোনালদিনিওর মতো কিংবদন্তিরা।
পরবর্তীতে এই ঐতিহ্যবাহী জার্সিটি উঠে নেইমার জুনিয়রের কাঁধে। দীর্ঘ সময় ধরে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে খেলেছেন তিনি। তবে ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পাওয়ার পর মাঠের বাইরে চলে যান নেইমার। এরপর বিভিন্ন সময়ে এই জার্সি পরেছেন রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।
নেইমারের দলে ফেরাকে ঘিরে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে—বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে? অনেকের ধারণা, পুরোপুরি ফিট থাকলে আবারও এই জার্সি পরবেন নেইমারই। কারণ দীর্ঘ সময় ধরে তিনিই ছিলেন ব্রাজিলের প্রধান তারকা ও ১০ নম্বর জার্সির ধারক।
অন্যদিকে কিছু ফুটবল বিশ্লেষক মনে করছেন, সময় এসেছে ভিনিসিয়ুস জুনিয়রের হাতে এই জার্সি তুলে দেওয়ার। তবে ভিনি নিজেই সম্প্রতি জানিয়েছেন, “১০ নম্বরটা নেইমারের। এটা তারই প্রাপ্য।”
সবকিছু মিলিয়ে ধারণা করা হচ্ছে, যদি পুরোপুরি ফিট থাকেন এবং কোচ কার্লো আনচেলত্তি তাকে শুরুর একাদশে রাখার পরিকল্পনা করেন, তাহলে বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি আবারও দেখা যাবে নেইমারের গায়েই। সে ক্ষেত্রে ভিনিসিয়ুসকে তার পরিচিত ৭ নম্বর জার্সিতেই দেখা যেতে পারে।