বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জামায়াত শিবিরের রাজনীতির সাথে দীর্ঘদিন সম্পৃক্ত থাকা তিন সহোদর ভাই আনুষ্ঠানিকভাবে আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) যোগদান করেছেন।
তারা হলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সরকারি আবুল কালাম কলেজ শাখার সাবেক সভাপতি মো. রাকিব সিকদার, তার বড় ভাই মো. সাকিব সিকদার এবং ছোট ভাই মো. সাজিদ সিকদার। বুধবার দুপুরে জানা গেছে, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের হাত ধরে তারা দলটিতে যোগ দিয়েছেন। এ সময় তারা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মো. রাকিব সিকদার দীর্ঘদিন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের বাবুগঞ্জ উপজেলা শাখার সাবেক সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। দলীয় যোগদানের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে রাকিব সিকদার লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমি এবং আমার বড় ভাই সাকিব সিকদার ও ছোট ভাই সাজিদ সিকদার ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাইয়ের বাসায় তার হাত ধরে এবি পার্টিতে যোগদান করলাম। সবাই দোয়া করবেন যাতে ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের হাতকে শক্তিশালী করতে পারি এবং সুস্থ ধারার রাজনীতির চর্চা করতে পারি। তাদের এই দলবদলকে কেন্দ্র করে বাবুগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত শিবির ঘরােনার পরিচিত কয়েকজন কর্মী ও নেতার এবি পার্টিতে যোগদান দলটির সাংগঠনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করতে পারে। এ ব্যাপারে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার দায়িত্বশীল এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি আমাদের জানা নেই।
তিনি আরও বলেন, যোগদানকৃতদের মতো আমাদের সংগঠনে অসংখ্য নেতাকর্মী ও সমর্থক রয়েছে। যারা যোগদান করেছে তারা দীর্ঘদিন থেকে দলে নিস্কিয়কর্মী।