কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যুর গুজবে বাসে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (৮ জুন) রাত সাড়ে আটটার দিকে ভূরুঙ্গামারী -কুড়িগ্রাম সড়কের আন্ধারিঝাড় ইউনিয়নের সড়ককাটা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আন্ধারিঝাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাজু আহমেদ খোকন এর বাবা হামিদ চৌধুরী(৭০) নিজ বাড়ি থেকে মোটর সাইকেল যোগে সড়ককাটা বাজারে পৌছলে ঢাকার উদ্দেশ্যে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা স্বাধীন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে তিনি মোটর সাইকেল থেকে পড়ে গুরুত্বর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক হামিদ চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামিদ চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে স্বাধীন পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উত্তেজিত জনতা বাসটিতে আগুন দিলে প্রায় ঘন্টা খানেক রাস্তায় যান চলাচল বন্ধ ছিলো। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।