নাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯৯ পিস ইয়াবাসহ হোয়াটসঅ্যাপ হ্যাকিং ও প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) দিবাগত রাত ২টার দিকে লালপুর থানার একটি বিশেষ দল উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. অহিদ মোল্লার দক্ষিণ দুয়ারী সেমিপাকা টিনশেড ঘর থেকে তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন, মোহাম্মদ সোহেল রানা ওরফে রানা সরদার (২৪), পিতা নাজিম উদ্দিন ওরফে তসলিম সরদার; মো. মোতাকাব্বির (২০), পিতা মৃত বেলাল হোসেন এবং মো. টুটুল প্রামাণিক (৫০), পিতা মৃত ঈছার প্রামাণিক। তাদের সকলের বাড়ি মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযানের সময় তাদের কাছ থেকে ৯৯ পিস ইয়াবা এবং চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো ব্যবহার করে তারা বিভিন্ন ক্লোন অ্যাপসের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করত। পরে প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করত। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সাইবার সুরক্ষা আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ