বুধবার , ১০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে, গ্রেপ্তার ১

ঢাকা ইনফো২৪
জুন ১০, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর পাংশায় চাঁদা না দেওয়ায় একটি বেসরকারি ক্লিনিকের মালিককে মারধরের অভিযোগে মো. রেজাউল করিম ওরফে রাজা খান (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। এ ঘটনায় আরও একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) রাতে তাকে গ্রেপ্তার করে পাংশা মডেল থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গী এলাকার বাসিন্দা মো. রেজাউল করিম ওরফে রাজা খান (৫৫) ও হালিম শেখ (৪০)সহ অজ্ঞাতনামা কয়েকজন দীর্ঘদিন ধরে পাংশা উপজেলার নারায়ণপুর এলাকায় অবস্থিত লিজা হেলথ কেয়ারের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। তারা ক্লিনিক পরিচালনা করতে হলে প্রতি মাসে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা এবং ক্লিনিকের শেয়ার দেওয়ার দাবি করেন। ক্লিনিক কর্তৃপক্ষ চাঁদা ও শেয়ার দিতে অস্বীকৃতি জানালে আসামিরা বিভিন্ন সময়ে ক্লিনিকের কর্মচারীদের মারধর এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, এর আগে চাঁদার নামে রাজা খান ক্লিনিক থেকে ৪ লাখ ৮০ হাজার টাকা আদায় করেন। পরবর্তীতে আবারও চাঁদা দাবি করা হলে ক্লিনিক কর্তৃপক্ষ টাকা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষুব্ধ হয়ে আসামিরা বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিতে থাকেন।

অভিযোগ অনুযায়ী, গত ৯ জুন বিকেল আনুমানিক ৩টার দিকে পাংশা উপজেলার মাগুরাডাঙ্গী এলাকায় সাবেক কমিশনার খালেদ ফজলুল্লাহর বাড়ির সামনের সড়কে ক্লিনিক মালিকপক্ষের প্রতিনিধি খোন্দকার মাহবুব হোসেন রিপনকে পেয়ে আসামিরা ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে ইট দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।

এ ঘটনায় খোন্দকার মাহবুব হোসেন রিপন (৫৮) বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় মো. রেজাউল করিম ওরফে রাজা খান, হালিম শেখ এবং অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করা হয়েছে। পাংশা থানার মামলা নম্বর-৮, তারিখ ৯ জুন ২০২৬। মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩০৭, ৩৮৫, ৩৮৬ ও ৫০৬ ধারায় রুজু করা হয়েছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, “মামলার প্রধান আসামি মো. রেজাউল করিম ওরফে রাজা খানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।