
অপহরণের শিকার সেই ৬ যুবকের মরদেহ উদ্ধার
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের কাংপোকপি জেলা থেকে অপহৃত ৬ নাগা যুবকের লাশ উদ্ধারের ঘটনায় পুরো রাজ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। গত মে মাসে অপহৃত হওয়ার পর, যৌথ তল্লাশি অভিযানের মাধ্যমে বুধবার (১০ জুন) তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো মণিপুর রাজ্য বর্তমানে ক্ষোভে উত্তাল।
স্থানীয় সূত্র ও পরিবারগুলোর অভিযোগ, কুকি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ওই যুবকদের অপহরণের পর হত্যা করেছে। লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নাগা অধ্যুষিত বিভিন্ন এলাকায় হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। সেনাপতি ও উখরুলসহ একাধিক জেলায় যানবাহনে আগুন দেওয়া এবং সরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটে।
রাজধানী ইম্ফলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। জওহরলাল নেহরু মেডিকেল সায়েন্সেস ইনস্টিটিউটের বাইরে বিপুল মানুষের জড়ো হওয়ার পর অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।
নাগা সংগঠনগুলোর দাবি, অপহৃতদের মুক্তির বিষয়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত তাদের হত্যা করা হয়েছে। ইউনাইটেড নাগা কাউন্সিলসহ বিভিন্ন সংগঠন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।
গত মে মাসে নাগা ও কুকি গোষ্ঠীর মধ্যে একাধিক অপহরণের ঘটনা ঘটে। পরে মধ্যস্থতার মাধ্যমে কিছু বন্দিকে মুক্তি দেয়া হলেও ছয় নাগা যুবককে আর ফেরত পাওয়া যায়নি।