শনিবার , ১৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে কাঁটাতার রেখে বন্ধুত্ব হয় না: নাহিদ ইসলাম

ঢাকা ইনফো২৪
জুন ১৩, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

ভারত ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বের কথা বলা হলেও সীমান্তে কাঁটাতারের বেড়া, নদীতে বাঁধ কিংবা সীমান্ত হত্যার ঘটনা সেই সম্পর্কের সঙ্গে সাংঘর্ষিক।

শনিবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ভারতের আকাশ ও বাংলাদেশের আকাশ এক নয়, দুই দেশের মাটিও এক নয়। ইতিহাসের ধারাবাহিকতায় এ ভূখণ্ডের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ বারবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বাংলাদেশ কোনো আধিপত্যবাদী শক্তির কাছে নতি স্বীকার করবে না এবং সব দেশের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।

তিনি অভিযোগ করেন, প্রস্তাবিত জাতীয় বাজেটে দুর্নীতি ও লুটপাট রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেই। ব্যাংকিং খাতের অনিয়ম ও অর্থনৈতিক দুর্বলতার সমালোচনা করে তিনি বলেন, জনগণের কল্যাণে কতটুকু ব্যয় হবে এবং কতটুকু অপচয় হবে, তা নিয়ে মানুষের মধ্যে সংশয় রয়েছে।

ইসলামী ব্যাংক প্রসঙ্গে তিনি বলেন, বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব থেকে ব্যাংক খাতকে মুক্ত রাখতে হবে। জনগণ আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহি প্রত্যাশা করে।

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, সাধারণ মানুষ পর্যাপ্ত সেবা না পেলেও তাদের ওপর বাড়তি ব্যয়ের চাপ সৃষ্টি করা হচ্ছে। বিদ্যুৎ খাতের বিভিন্ন চুক্তি ও নীতির কারণে কাঙ্ক্ষিত পরিবর্তন আসছে না বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কার জরুরি। এসব খাতে পরিবর্তন না এলে নাগরিক হয়রানি ও প্রশাসনিক দুর্বলতা অব্যাহত থাকবে।

সরকারের প্রতি জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী মত ও রাজনৈতিক ভিন্নমতকে দমনের পরিবর্তে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে। অন্যথায় জনগণের মধ্যে অসন্তোষ আরও বাড়বে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।