শুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর: বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা

ঢাকা ইনফো২৪
জুন ১৯, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নেওয়া এবং এরপর উন্নয়ন অংশীদার চীন সফরকে বাংলাদেশের রাজনীতি ও কূটনীতিতে নতুন মাত্রা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তুতি চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার (১৯ জুন) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করবেন। এরপর ২৩ জুন কুয়ালালামপুর থেকে বেইজিং যাবেন এবং ২৬ জুন দেশে ফিরবেন। সফরের প্রস্তুতির অংশ হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম সম্প্রতি বেইজিং সফর করে চীনের উপপররাষ্ট্রমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মালয়েশিয়া সফরে বাংলাদেশের প্রধান গুরুত্ব থাকবে শ্রমবাজারে। দীর্ঘদিন ধরে নানা কারণে স্থবির হয়ে থাকা শ্রমবাজারে গতি ফিরিয়ে আনা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষাখাতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনাও রয়েছে।

বাংলাদেশ থেকে জনশক্তি রফতানির অন্যতম গন্তব্য মালয়েশিয়া। তবে গত কয়েক বছরে সিন্ডিকেটসহ বিভিন্ন কারণে দেশটির শ্রমবাজার কার্যত বন্ধ হয়ে পড়ে। গত এপ্রিলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন কুয়ালালামপুর সফর করেন। পরে তারা জানান, শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে সরকার কাজ করছে।

গত ১৫ জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে বড় সুযোগ তৈরি হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরে মালয়েশিয়ায় অবস্থানরত কাগজপত্রবিহীন বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দেওয়া এবং শ্রমবাজারে জনশক্তি রফতানির প্রতিবন্ধকতা দূর করার বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীর মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হতে পারে।

তবে সফর দু’টির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে চীন সফর। বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার দেশটিতে ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত প্রধানমন্ত্রীর অবস্থানকে ঘিরে আন্তর্জাতিক মহলেও আগ্রহ রয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, অতীতে আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচনের পর প্রধানমন্ত্রীর প্রথম সফর সাধারণত ভারত দিয়ে শুরু হতো। এবার সেই ধারা থেকে সরে এসে মালয়েশিয়ার পর চীনকে বেছে নেওয়ায় সফরটি কূটনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সফরে বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা ও অন্যান্য খাতে প্রায় ১৫টি সমঝোতা স্মারক সই হতে পারে। এ ছাড়া দ্বিতীয় পদ্মা সেতু, তিস্তা মহাপরিকল্পনা, যমুনায় নতুন সেতু এবং বাংলাদেশে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে।

সম্প্রতি চীনের ঋণে প্রায় ৪ হাজার কোটি টাকার একটি অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রীর সফরের সময় বেইজিংয়ে একটি বিনিয়োগ সম্মেলন আয়োজনেরও চেষ্টা চলছে। একই সঙ্গে চীনা মুদ্রায় বন্ড চালুর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা এবং কৃষি প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও চীনের কাছে প্রস্তাব দেওয়া হতে পারে। পাশাপাশি দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), মুদ্রা বিনিময় চুক্তি, বাংলাদেশে একটি চীনা ব্যাংক স্থাপন এবং বিদ্যমান বিনিয়োগ চুক্তিগুলোর উন্নয়ন নিয়েও আলোচনা হতে পারে।

চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর দেশ দু’টির সাথে সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে এবং সম্পর্কে নতুন গতি আনবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর চীন সফরে বাণিজ্য ও অর্থনীতিসহ অনেক বিষয়ে আলোচনা হবে। কিন্তু প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গেও সুসম্পর্কের জন্য দুই পক্ষকেই উদ্যোগী হতে হবে নিজ স্বার্থেই।’

এদিকে আঞ্চলিক রাজনীতি বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. ফরিদ হোসেন বলছেন, ‘প্রথম সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নেওয়া প্রধানমন্ত্রীর একটি কৌশলগত সিদ্ধান্ত, যা আঞ্চলিক রাজনীতি ও কূটনীতির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে।’

তিনি আরও বলেন, ‘বিনিয়োগ ও শ্রমবাজার বিষয়ে মালয়েশিয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আবার আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে দেশটির নিরপেক্ষ ভূমিকা রয়েছে। পাশাপাশি চীন ও পশ্চিমাদের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক আছে দেশটির।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন