ঢাকা: বগুড়ায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা নতুন ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক জানান, ‘প্রধানমন্ত্রীর মৌখিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রশাসন নাম পরিবর্তনের উদ্যোগ নিতে যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনও কোনো লিখিত নির্দেশনা জেলা প্রশাসনের কাছে পৌঁছেনি। তবে নির্দেশনা পাওয়ার পর প্রশাসনিক কার্যক্রম দ্রুত শুরু করা হবে।’
তিনি বলেন, ‘প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে নতুন করে গণশুনানির আয়োজন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে শুনানির তারিখ নির্ধারণ করা হবে এবং স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতেই ইউনিয়নগুলোর নতুন নাম চূড়ান্ত করা হবে।’
গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় চারটি নতুন ইউনিয়ন গঠনের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ি’ এবং মোকামতলা উপজেলায় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ নামে ইউনিয়ন গঠন করা হয়।
পরে অভিযোগ ওঠে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম ‘মীরবাড়ি’। পাশাপাশি তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিল রেখেই ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নামকরণ করা হয়েছে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয় এবং রাজনৈতিক অঙ্গনেও সমালোচনার সৃষ্টি হয়। পরে এটি জাতীয় সংসদেও উত্থাপিত হয়।
সংসদীয় প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, প্রশাসনিক প্রক্রিয়ায় গণশুনানি ও যাচাই-বাছাইয়ের মাধ্যমেই নামগুলো নির্ধারিত হয়েছে।
তিনি আরও দাবি করেন, তার দুই ছেলের নামের সঙ্গে এই নামগুলোর মিল থাকাটা পুরোপুরি কাকতালীয় ঘটনা।