
মহাদেবপুরে বিক্রয় প্রতিনিধিদের অধিকার আদায়ে আলোচনা সভা
নওগাঁর মহাদেবপুরে বিক্রয় প্রতিনিধিদের অধিকার আদায়, পেশাগত সমস্যার সমাধান এবং সংগঠনকে শক্তিশালী করার লক্ষে আট দফা দাবি বাস্তবায়নে আলোচনা সভা, কমিটি গঠন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের নওগাঁ জেলা শাখা এর আয়োজন করে। এতে নওগাঁসহ পার্শ্ববর্তী জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইমরান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মো. সাখাওয়াত হোসেন বিপ্লব, ঢাকা মহানগর দক্ষিনের আহ্বায়ক মো. আফজাল হোসেন, কেরাণীগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মো. রাফি, রাজশাহী জেলা শাখার আহ্বায়ক মো. রফিকুল আলম (মৃদুল) প্রমুখ।
সভা শেষে রহমান আলীকে সভাপতি ও সাহেদ রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নওগাঁ জেলা শাখার কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির নেতারা বিক্রয় প্রতিনিধিদের অধিকার আদায় ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।