রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপে গোলের সেঞ্চুরি, ৬৮ বছরের মধ্যে দ্রুততম

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কোডি গাকপোর গোলটি ম্যাচের প্রেক্ষাপটে বিশেষ কিছু নয়। দলের সেটি তৃতীয় গোল। ওই গোলের আগে নেদারল্যান্ডস গোল করেছে দুটি, পরেও করেছে দুটি। তবে সুইডেনের বিপক্ষে শনিবার গাকপোর ওই গোলটি টুর্নামেন্টের প্রেক্ষাপটে একটি মাইলফলক। এবারের বিশ্বকাপের শততম গোল সেটি।

গোলের সেঞ্চুরিতে বিশ্বকাপ ইতিহাসে আলাদা করে জায়গা করে নিয়েছে এবারের আসর। ৩৩ ম্যাচেই ১০০ গোল হয়ে গেল এবার। সব আসর মিলিয়ে যা দ্বিতীয় দ্রুততম! সবশেষ ১৯৫৮ বিশ্বকাপে এতটা দ্রুত হয়েছিল গোলের সেঞ্চুরি। ফুটবলের রাজা পেলের রূপকথার মতো উত্থানের সেই আসরেও ৩৩ ম্যাচে হয়েছিল ১০০ গোল।

এর চেয়ে দ্রুততায় গোলের সেঞ্চুরি হওয়ার নজির আছে বিশ্বকাপ ইতিহাসে আর একটিই। তবে সেই রেকর্ড ভাঙা অসম্ভবের কাছাকাছি। সুইরজারল্যান্ডে ১৯৫৪ আসরে মাত্র ২০ ম্যাচেই হয়ে গিয়েছিল ১০০ গোল। ১৯৮২ ও ২০১৪ বিশ্বকাপে ১০০ গোল হয়েছিল ৩৬ ম্যাচে। ১৯৭৮ ও ১৯৯৪ বিশ্বকাপে লেগেছিল ৩৮ ম্যাচ।

এবার উদ্বোধনী দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেক্সিকোর ২-০ গোলের জয়ে প্রথম গোলটি করেন হুলিয়া কিনোনেস। এরপর থেকে গোলের জোয়ার বইছে। নবাগত কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে জার্মানি, কাতারকে ৬-০ গোলে কানাডা। গোলের স্রোত বয়ে চলেছে ম্যাচের পর ম্যাচে। কেন এবার এত বেশি গোল হচ্ছে? কিছু কারণ আলোচনা করা যেতে পারে।

গোলরক্ষকরা কি বল নিয়ে হিমশিম খাচ্ছেন?

এত বেশি গোলের একটি কারণ হতে পারে, এবারের বিশ্বকাপের বলটি। অ্যাডিডাস ‘ট্রাইওন্ডা’ বলের গতিপথের কারণে বেশ কয়েকজন গোলরক্ষক বিভ্রান্ত হয়েছেন কয়েকটি ম্যাচে। সেনেগালের বিপক্ষে কিলিয়ান এমবাপে যখন ৩০ গজ দূর থেকে সেনেগালের গোলকিপার এদুয়াঁ মেঞ্জিকে পরাস্ত করে এখনও পর্যন্ত আসরের সবচেয়ে লম্বা গোলটি করেন, তখন ব্যাপারটি স্পষ্ট হয়ে ওঠে।

প্রথম রাউন্ডের ম্যাচগুলোতে ২২ গজের বেশি দূর থেকে করা পাঁচটি গোলের মধ্যে একটি ছিল এটি। এই গোলগুলোর মধ্যে দুটি করেছিলেন সুইডেনের ইয়াসিন আইয়ারি, তিউনিসিয়ার বিপক্ষে ২৪.৮ গজ এবং ২৪.৩ গজ দূর থেকে। এছাড়াও তালিায় রয়েছে অস্ট্রেলিয়ার কনর মেটকাফ (তিউনিসিয়ার বিপক্ষে ২৫.৬ গজ) এবং মরক্কোর ইসমায়েল সাইবারির (ব্রাজিলের বিপক্ষে ২৪.৭ গজ) করা গোল।

ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক জো হার্ট বিবিসি স্পোর্টকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, গোলরক্ষকরা বল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন। গত বুধবার ইংল্যান্ডের বিপক্ষে ক্রোয়েশিয়ার মার্তি বাতুরিনা যখন সমতা ফেরান, তখন হার্ট লক্ষ্য করেন যে, বলটি প্রত্যাশার চেয়ে একটু দ্রুত ছুটে যাচ্ছিল গোলকিপার জর্ডান পিকফোর্ডের দিকে।

পেনাল্টি বক্সের বাইরে থেকে ১০টিরও বেশি গোল হয়েছে। এছাড়াও গোলকিপারদের বাঁকানো শট ধরতে গিয়ে তালগোল পাকানোর পর সহজ ট্যাপ-ইন গোলের কথা তো বলাই বাহুল্য। বিবিসি স্পোর্টের হয়ে বিশ্বকাপে কর্মরত ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক পল রবিনসনও ব্যাপারটি খেয়াল করেছেন। এমন এক-দুটি ঘটনা ঘটেছে, যেখানে এই ফুটবলটি প্রত্যাশা অনুযায়ী আচরণ করেনি। বিষয়টি নজরে রাখার মতো।’

বিশ্বকাপের বল নিয়ে নানা সময়েই এমন বিতর্ক হয়েছে। ২০১০ দক্ষিণ আফ্রিকায বিশ্বকাপের সময় ‘জাবুলানি’ বলটি বাঁক, পতন এবং ভেসে যাওয়ার জন্য পরিচিত হয়ে ওঠে, যা বেশ কয়েকটি দূরপাল্লার গোলে ভূমিকা রেখেছিল বলে মনে করা হয়।

সেই সময়ে, ইংল্যান্ডের ডেভিড জেমসসহ বেশ কয়েকজন ফুটবলার বলটির সমালোচনা করে বলেছিলেন যে, এটি “অতিরিক্ত গোলের সুযোগ করে দেবে” এবং “কিছু গোলরক্ষককে বোকা বানিয়ে দেবে।”

জেমস বলেছিলেন, “বলটা জঘন্য। এটা ভয়াবহ, কিন্তু এটা সবার জন্যই ভয়াবহ।” আর সেই টুর্নামেন্টের ১৪৫টি গোলের মধ্যে ২৬টিই ছিল বক্সের বাইরে থেকে।

বর্ধিত ফরম্যাটের কারণেই কি গোলের জোয়ার?

এই বিশ্বকাপে গোলশূন্য ড্র প্রায় ততটাই বিরল, যতটা বিরল ব্রাজিলের হয়ে নেইমারের মাঠে নামা। নতুন করে সম্প্রসারিত ১০৪ ম্যাচের এই টুর্নামেন্টের প্রথম ৩৬ ম্যাচ শেষে এমন ফলাফল হয়েছে স্রেফ দুটি। সেই দুটিই দারুণ স্মরণীয়। অভিষিক্ত কেপ ভার্দ গোটা বিশ্বকে চমকে দিয়ে রুখে দেয় স্পেনকে, পরে কুরাসাও আটকে রাখে একুয়েডরকে।

তবে কুরাসাও প্রথম ম্যাচে গোল হজম করে ৭টি। কুরাসাও ও কেপ ভার্দ ছাড়াও এবার বিশ্বকাপ অভিষেক হয় জর্ডান ও উজবেকিস্তানের। ব্রেন্টফোর্ড ও টটেনহ্যামের সাবেক কোচ টমাস ফ্রাঙ্ক বলেন, “অবশ্যই, বেশি দল এবং নিম্ন-র‌্যাঙ্কের দল থাকার কারণে মানের দিক থেকে কিছুটা প্রভাব পড়েছে।”

এছাড়া, এত বেশি গোল হওয়ার পেছনে ম্যাচগুলোর মধ্যবর্তী ব্যবধান কি কোনো কারণ? গত ১১ জুন টুর্নামেন্ট শুরু করেছিল মেক্সিকো, পরের ম্যাচটি খেলে তারা এক সপ্তাহ পর। এটি কি আরও শক্তিশালী দলগুলোকে আবার খেলার আগে সতেজ ও পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ দিয়েছে?

প্রচণ্ড গরমের কারণে কি বেশি ক্লান্তি এবং আরও বেশি গোল হচ্ছে?: মধ্যপ্রাচ্যের গ্রীষ্মের অসহনীয় তাপমাত্রা কমানোর জন্য কাতারে গত বিশ্বকাপটি ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল। ওই বিশ্বকাপের চেয়ে ম্যাচপ্রতি গোলের হার এবার এখনও পর্যন্ত অনেকটা বেশি। তাহলে উত্তর আমেরিকার এই গরম কি খেলোয়াড়দের শারীরিক দুর্বলতা এবং আরও বেশি গোলের কারণ হচ্ছে? টুর্নামেন্টের ১০৫টি গোলের মধ্যে (আইভরি কোস্টের বিপক্ষে জার্মানির জয়ের পর), ৩০টি গোল হয়েছে ৭৬তম মিনিট থেকে খেলা শেষ হওয়ার মধ্যে (২৮.৬% – যা ইতিহাসের ষষ্ঠ-সর্বোচ্চ এবং ২০১৪ সালের পর সর্বোচ্চ হওয়ার পথে)।

এছাড়াও, মারাত্মক ভুলের কারণে গোল হওয়ার সংখ্যাও অনেক। সুইডেনের বিপক্ষে তিউনিসিয়ার ইলিয়েস স্কিরি বিপজ্জনক জায়গায় বলের দখল হারান, যার ফলে ভিক্তর ইয়োকেরেশ গোল করার সুযোগ পান। উত্তর আফ্রিকার দলটি তাদের উদ্বোধনী ম্যাচে মোট ছয়টি ভুলের কারণে শট নেওয়ার সুযোগ তৈরি করে, যার মধ্যে চারটি সরাসরি গোলে পরিণত হয় এবং সুইডেন ৫-১ গোলে জয়লাভ করে।

এছাড়া পানি পানের বিরতির কথাও বলতে হবে। যদিও কিছু খেলায় দর্শকদের দুয়োধ্বনির শিকার হয়েছে এটি। তবে এই বিরতি কি দলগুলিকে নতুন করে গুছিয়ে নিতে এবং তারপর গোল করতে সাহায্য করেছে? ১০৪টি খেলার প্রতিটিতে বাধ্যতামূলক তিন মিনিটের বিরতি খেলোয়াড়দের পানীয় গ্রহণের জন্য নির্ধারিত থাকলেও, প্রধান কোচরা এই বিরতিকে কৌশলগত পরিবর্তন আনতে এবং খেলোয়াড়দের নতুন নির্দেশনা দেয়ার জন্য ব্যবহার করেছেন।

নিউ জার্সিতে নিজেদের উদ্বোধনী খেলায় মরক্কোর কাছে ১-০ গোলে পিছিয়ে ছিল ব্রাজিল, কিন্তু প্রথমার্ধের পানীয় বিরতির পর খেলা পুনরায় শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যেই তারা সমতায় ফেরে। সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন বলেন, “খেলোয়াড়দের কী করতে হবে, তা আপনি বলে দিতে পারেন তখন। আমরা তাদের ছবি দেখাতে পারি। এই তিন মিনিটে আমরা তাদের সঙ্গে কথা বলতে পারি, খেলোয়াড় পরিবর্তন নিয়ে আলোচনা করতে পারি, পরিবর্তন নিয়ে কথা বলতে পারি।”

শুরু থেকেই দারুণভাবে এগিয়ে যাওয়া

গোলের এই ঝড়ের পেছনে আরেকটি কারণ হলো, অনেক বড় তারকা শুরু থেকেই দুর্দান্ত খেলছেন। লিওনেল মেসি আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন, কিলিয়ান এমবাপে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করেছেন, ভিনিসিউস জুনিয়র ব্রাজিলের দুটি ম্যাচেই গোল করেছেন। ২০২৫-২৬ ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে ২৭ গোল করে গোল্ডেন বুট জয়ী আর্লং হলান্ড ইরাকের বিপক্ষে নরওয়ের ৪-১ গোলের জয়ে জোড়া গোল করেছেন, যেমনটা করেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ে।

টমাস ফ্রাঙ্কের মতে,‘ আমরা বিশ্বকাপ বা ইউরোতে বহুবার দেখেছি যে, কঠিন একটি মৌসুমের পর শীর্ষ খেলোয়াড়রা পুরোপুরি ফিট থাকেন না, ঠিক যেমনটা দুই বছর আগে ইউরোতে হ্যারি কেইনের ক্ষেত্রে হয়েছিল। কিন্তু এবার তিনি এবং লিওনেল মেসি ও আর্লিং হালান্ডের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা সবাই দুর্দান্ত খেলছেন এবং তাদের আগেরবারের চেয়ে বেশি ফিট আর মনে হচ্ছে না।”

বিবিসি স্পোর্টসকে সাক্ষাৎকারে ম্যানচেস্টার সিটির সাবেক ডিফেন্ডার মিকা রিচার্ডস তুলে ধরেছেন একটি কারণ। এই বিশ্বকাপে ফরোয়ার্ডদেরকে খুবই আত্মবিশ্বাসী দেখাচ্ছে। মনে হচ্ছে যেন, তারা সবাই বিশ্বাস করে যে, তারা গোল করবে এবং প্রত্যেকেই নিজেদের ওপর ভরসা রাখছে। এখন আর কৌশলগত দিকটা মুখ্য নয়, বরং বিশ্বকাপে খেলার যে ভালো লাগার অনুভূতি, সেটাই মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন