উজিরপুরে স্বাস্থ্যসেবায় নিরপেক্ষতা নিশ্চিতের আহ্বান এমপি সান্টুর

X
উজিরপুরে স্বাস্থ্যসেবায় নিরপেক্ষতা নিশ্চিতের আহ্বান এমপি সান্টুর
সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে জনগণের জন্য সমান সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
মঙ্গলবার (২৩ জুন) উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবসংযোজিত আধুনিক জেনারেটরের উদ্বোধন এবং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এমপি সান্টু বলেন, দেশের সাধারণ মানুষ হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে আসেন। সেখানে রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কোনো স্থান নেই। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব হলো নিরপেক্ষভাবে জনগণের সেবা প্রদান করা এবং সরকারের নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালন করা।
তিনি দলীয় পরিচয় ব্যবহার করে সরকারি প্রতিষ্ঠানে অতিরিক্ত সুবিধা আদায়ের চেষ্টা না করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে কোনো ধরনের তদবির বা অন্যায্য অনুরোধে সাড়া না দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও নির্দেশ দেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন ও মো. জামাল হোসেন তালুকদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম সামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহ্বায়ক সাহাবুদ্দিন আকন সাবুসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
এর আগে সকালে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী শিশুদের মধ্যে কিডস সামগ্রী ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের মাঝে উন্নত জাতের নারিকেল চারা বিতরণ করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কফিল বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহমুদুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপরদিকে, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, আগামী ২৮ জুন উপজেলার ১২৬টি অস্থায়ী ও একটি স্থায়ী কেন্দ্রে ২৮ হাজার ৮০০-এর বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তাদের তথ্য অনুযায়ী, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের (১ লক্ষ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের (২ লক্ষ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে। কর্মসূচির সফল বাস্তবায়নে অভিভাবক, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়েছে।