বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ‘সুপ্রিম ধান-১’ আমন বীজ বিতরণ
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১০:৩৪ এএম (ভিজিট : ০)

X
ছবি : প্রতিনিধি
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি কাটিয়ে পুনরায় আমন আবাদে ফিরিয়ে আনতে মৌলভীবাজারের রাজনগরে বিনামূল্যে ‘সুপ্রিম ধান-১’ আমন বীজ বিতরণ করা হয়েছে। কৃষকদের উৎপাদন অব্যাহত রাখা এবং চলতি মৌসুমে আবাদ নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম সীড কোম্পানি লিমিটেড এ সহায়তা কর্মসূচির আয়োজন করে।
সোমবার (২০ জুলাই ২০২৬) সকালে রাজনগর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আলামিন।
এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম সীড কোম্পানি লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (জিএম) মো. সাহিদুল ইসলাম,এইচএম জাহাব আহমদ আলম,এরিয়া জিএম বেলায়েত হোসেন এবং রাজনগর টেরিটরি অফিসার মো. হক মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন,সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে উন্নতমানের বীজ সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের উৎপাদন বৃদ্ধি,খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিকে টেকসই রাখতে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের নতুন উদ্যমে মাঠে ফিরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে ‘সুপ্রিম ধান-১’ আমন বীজ বিতরণ করা হয়। এ সময় কৃষকরা সময়োপযোগী এ উদ্যোগের জন্য উপজেলা কৃষি বিভাগ ও সুপ্রিম সীড কোম্পানি লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।