প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:০৮ পিএম (ভিজিট : ০)

X
বাউবিতে কর্মশালা
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)—এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)—এর উদ্যোগে ‘পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট’ প্রোগ্রামের কারিকুলাম চূড়ান্তকরণ বিষয়ক এক কর্মশালা মঙ্গলবার (২১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ উপাচার্যের পক্ষে উপস্থিত ছিলেন বাউবির প্রো—উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে দক্ষ তথ্যব্যবস্থাপনা ও আধুনিক লাইব্রেরি সেবার গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সময়োপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন এই কারিকুলাম শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, গবেষণা সক্ষমতা এবং কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক যোগ্যতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে একটি বাস্তবমুখী ও যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এ ধরনের উদ্যোগ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অধ্যাপক ড. সাদিয়া আফরোজ সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক ড. রাফসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি—এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল আলম, অধ্যাপক ড. মোঃ. আনোয়ারুল ইসলাম এবং অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক।
তাঁরা প্রস্তাবিত কারিকুলামের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন পাঠ্যক্রম প্রণয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন।
কর্মশালায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক এবং সংশ্লিষ্ট বিভাগসমূহের প্রতিনিধিসহ মোট ২০ জন অংশগ্রহণ করেন।