চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, আত্মত্যাগ এবং গণআকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন প্রজন্মের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে দ্য রেড জুলাই (The Red July)।
সোমবার (২৭ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণ, জুলাই চেতনাকে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া এবং দ্য রেড জুলাই- এর ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করার অঙ্গীকার নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক ঐতিহাসিক অধ্যায়। সেই ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণে দ্য রেড জুলাই বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।

এক বছরের জন্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
সংগঠনটির পরিকল্পিত কর্মসূচির মধ্যে রয়েছে স্মরণসভা, আলোচনা সভা, গবেষণা কার্যক্রম, প্রকাশনা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণদের সম্পৃক্তকরণ এবং জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত তথ্য ও ইতিহাস সংরক্ষণের উদ্যোগ।
দ্য রেড জুলাই- এর নেতারা জানান, সংগঠনটি গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে দেশের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হবে।
নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের আগামী এক বছরের জন্য সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত জুলাই গণঅভ্যুত্থানের সমর্থক, তরুণ সমাজ এবং সাধারণ জনগণকে এই উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।