গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ন্ত্রণের লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে গৌরীপুর উপজেলার পৌর বাসস্ট্যান্ড মোড়ে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এবং গৌরীপুর পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানকালে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২টি সিএনজি চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে অর্থদণ্ড প্রদান করা হয়। চালকদের নির্ধারিত ভাড়া তালিকা মেনে চলার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে, যাত্রীদের কাছ থেকে অভিযোগ ও মতামত গ্রহণ করা হয়েছে, যা ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে বলে জানানো হয়েছে।
তবে, অভিযানের সময় উপজেলার বিভিন্ন সিএনজি স্ট্যান্ডে যানবাহনের সংখ্যা তুলনামূলকভাবে কম দেখা যায়। এতে যাত্রীদের ভোগান্তি বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীদের স্বস্তি নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সালাউদ্দিন/সাএ
