নাটোরে ভিমরুলের (ভ্যাপরুল) কামড়ে রহিমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রহিমা বেগম ওই এলাকার রহমান মিয়ার স্ত্রী। তিনি তিন মেয়ের মা এবং মেয়ে-নাতনিদের সাথেই বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর পৌরসভার উত্তর বরগাছা বৌবাজার এলাকায় দুপুরে বাড়ির পাশে খেজুর গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত ভিমরুলের বাসায় আঘাত করেন রহিমা বেগম। মুহূর্তের মধ্যেই ভিমরুলের দল তার ওপর আক্রমণ চালায়। নিহতের শরীরে অনেক কামড়ের চিহ্ন পাওয়া গেছে।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।