নওগাঁর মহাদেবপুর সর্বমঙ্গলা (পাইলট) উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের নতুন দ্বিতীয় ও তৃতীয় তলার শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন দুই তলার উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম, বিদ্যালয় কার্যপরিষদের সভাপতি মো. মিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষাপ্রকৌশলী মো. আসলাম মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, একাডেমিক ভবনের নতুন দুই তলা চালু হওয়ায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট অনেকটাই কমবে। পাশাপাশি শিক্ষার্থীরা আরও সুন্দর ও উপযোগী পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব সেলিনা পারভীন। উদ্বোধন শেষে অতিথিরা বিদ্যালয়ের নতুন ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।