‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন শেখের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. আলী হায়দার আব্বাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, সমাজসেবক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।
সভাপতি তার বক্তব্যে বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও অবদান নতুন প্রজন্মের জন্য অত্যন্ত মূল্যবান। তাই প্রবীণদের প্রতি সম্মান ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার পাশাপাশি তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
অন্য বক্তারা বলেন, প্রবীণদের অভিজ্ঞতা ও অবদান যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। তাদের প্রতি সম্মান, সহমর্মিতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে। একই সঙ্গে প্রবীণদের সামাজিক নিরাপত্তা, সুস্থতা ও মর্যাদা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।