গাজীপুরের কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে দুটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার সফিপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রোজা মেডিসিন কর্নার ও সাগরিকা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত রোজা মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা এবং সাগরিকা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলার নেতৃত্বে পরিচালিত অভিযানে সফিপুর বাজারের বিভিন্ন ওষুধের দোকানে তদারকি করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের ক্রয়-বিক্রয় বন্ধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।