বলিউড মহাতারকা অমিতাভ বচ্চনকে চিরাচরিত দাঁড়িয়ে সঞ্চালন না করে চেয়ারে বসে করতে দেখে অবাক হয়ে যান সবাই। অনেকের জিজ্ঞাসা জাগে, এর কারণ কী? পরে জানা যায় শুটিং চলাকালে পিছলে পড়ে হাঁটুতে আঘাত পেয়েছিলেন বলিউড বিগবি।
এ কারণেই ৩০ সেপ্টেম্বরের পর্বে তাকে মঞ্চে দাঁড়িয়ে নয়; বরং বসে অনুষ্ঠান পরিচালনা করতে দেখা যায়। ৮৩ বছর বয়সী এই অভিনেতা ভক্তদের আশ্বস্ত করে জানান, চোট গুরুতর নয় এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
জনপ্রিয় রিয়েলিটি শো কেবিসির প্রতিটি পর্বে সাধারণত মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে নিজের উদ্বোধনী বক্তব্য দেন অমিতাভ বচ্চন। তবে বুধবারের পর্বে তার ব্যতিক্রম দেখা যায়। মঞ্চে বসে বক্তব্য দেওয়ার কারণ ব্যাখ্যা করে এই অভিনেতা জানান, আগের দিনের শুটিংয়ে তিনি পিছলে পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পান।
দর্শকদের উদ্দেশে অমিতাভ বলেন, সাধারণত আমি মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আমার বক্তব্য দিই। কিন্তু আজ আমার হাঁটুতে চোট লেগেছে। শুটিংয়ের সময় পিছলে পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছি। এ সময় দাঁড়িয়ে থাকতে কিছুটা সমস্যা হচ্ছিল বলেই তিনি বসেই বক্তব্য দেন এবং জানান যে আঘাত তেমন মারাত্মক নয়, খুব শিগগির তিনি সেরে উঠবেন।
এর আগে নিজের একটি ব্লগ পোস্টকে ঘিরে অমিতাভের অভিনয় থেকে অবসরের জল্পনা তৈরি হয়েছিল। ওই পোস্টে তিনি 'wishes to retire' কথাটি উল্লেখ করায় ভক্তদের মনে নানান প্রশ্ন উঠেছিল। পরে অবশ্য অভিনেতা নিজেই বিষয়টি পরিষ্কার করে জানান যে তিনি কাজ থেকে অবসর নেওয়ার কথা বলেননি, বরং ঘুমাতে যাওয়ার প্রসঙ্গেই ওই কথাটি লিখেছিলেন।