শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সাতক্ষীরায় দুই শত বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন


অক্টোবর ২, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

দুই শত বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে সাতক্ষীরায়। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা পৌরসভার সিইও মো. আসাদুজ্জামান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের নেতারা।

উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন।

এবারের মেলায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কজুড়ে ১৬০টির বেশি স্টল বসানো হয়েছে। এসব স্টলে মনোহারি পণ্য, লৌহজাত সামগ্রী, বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন পণ্য, ঐতিহ্যবাহী মিষ্টি এবং শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, শিশু ট্রেন ও নৌকাসহ নানা আয়োজন রয়েছে। প্রাথমিকভাবে ২০ দিন মেলা চলার কথা রয়েছে।

মেলার পরিবেশ ও পরিচ্ছন্নতা প্রসঙ্গে জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ বলেন, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন হয়েছে। মেলা আগামী ২০ অক্টোবর পর্যন্ত চলবে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, সিসি ক্যামেরা স্থাপন এবং ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, মেলার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এবার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি স্টলে বাধ্যতামূলকভাবে একটি করে ডাস্টবিন রাখা হয়েছে। পৌরসভা প্রতিদিন এসব ডাস্টবিনের ময়লা-আবর্জনা পরিষ্কার করবে। সাতক্ষীরাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই পরিবার-পরিজন নিয়ে মেলায় এসে সুন্দর পরিবেশ বজায় রেখে উৎসব উপভোগ করুন।

দর্শনার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দর্শনার্থীরা যাতে মেলা উপভোগ করতে পারেন, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। চাঁদাবাজি ও জুয়া বন্ধেও আগাম কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি সাদা পোশাক ও ইউনিফর্মধারী পুলিশ মোতায়েন করা হয়েছে। মেলাকেন্দ্রিক যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক ব্যবস্থাপনার পরিকল্পনা অনুযায়ী পুলিশ সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।

যে কারণে দীর্ঘদিন থমকে ছিল মেলা

২০০২ সালের ২৮ সেপ্টেম্বর গুড়পুকুর মেলা চলাকালে সার্কাস প্যান্ডেল ও শহরের রকসি সিনেমা হলে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে। এতে তিনজন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হন। ওই ঘটনার পর দীর্ঘদিন মেলাটি তার আগের জৌলুশ হারিয়ে ফেলে।

দীর্ঘ বিরতির পর আবার মেলার আয়োজন হওয়ায় বিক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে উৎসাহ-উচ্ছ্বাস দেখা গেছে। ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর ভাদ্র সংক্রান্তিতে গুড়পুকুর পাড়ে মনসা পূজা অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় সম্প্রতি প্রথা মেনে মনসা পূজা সম্পন্ন হওয়ার পর এবারের মেলার আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});