বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে তিনি অংশ নেন।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এ বছর প্রথমবারের মতো প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন পর্যায় থেকে নির্বাচিত ১০০ জন শিক্ষককে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাদের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন।
সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে নগদ দুই লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হচ্ছে। শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও পেশাগত স্বীকৃতি নিশ্চিত করতে এ বছর জাতীয় পর্যায়ের এ সম্মাননার পরিধি ১২ জন থেকে বাড়িয়ে ১০০ জন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার প্রাথমিক স্তরে ১০ জন, মাধ্যমিক স্তরে ২০ জন, কলেজে ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০ জন, মেডিকেল কলেজে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে ৪ জনকে সম্মাননা দেওয়া হচ্ছে। এর বাইরে প্রধানমন্ত্রীর বিশেষ কোটায় রয়েছেন আরও ৫ জন। সব মিলিয়ে সম্মাননা পাচ্ছেন ১০০ জন শিক্ষক।
দেশের প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যোগ্য শিক্ষকদের বাছাই করা হয়েছে। জাতীয় পর্যায়ে সম্মাননার মাধ্যমে শিক্ষকদের অবদান ও পেশাগত স্বীকৃতিকে আরও গুরুত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষকদের মর্যাদা, অধিকার, পেশাগত উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। ইউনেসকোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে দিবসটি বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে।