মাগুরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবা, নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাতে মাগুরা পৌরসভার কাশীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে মো. শাহিন আলম, সাথী খাতুন ও খালিদ হাসানকে আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে মাগুরা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, জুয়া ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে কাশীনাথপুর এলাকার শাহিন আলমের বাড়িতে অভিযান চালায় সদর থানা, ডিবি পুলিশসহ পুলিশের একটি দল। অভিযানে ৮ হাজার পিস ইয়াবা, ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় এক নারীসহ তিনজনকে আটক করা হয়।
পুলিশ সুপার জানান, আটক শাহিন আলমের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে আগে ছয়টি মামলা রয়েছে। এছাড়া সাথী খাতুনের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।