শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে বান্দরবানের ৩৩টি পূজামণ্ডপে মোট ২৫ লাখ টাকার অনুদান দিয়েছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার (১৬ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডপগুলোর দায়িত্বপ্রাপ্ত নেতাদের হাতে অনুদানের চেক তুলে দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার, স্থানীয় সরকারের উপপরিচালক এস এম মনজুরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি এবং অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন, এটাই প্রত্যাশা। ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গাপূজা ধর্মীয় আয়োজনের পাশাপাশি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করারও উপলক্ষ।
তিনি বলেন, পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতি বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ধর্মীয় উৎসব উদ্যাপনে সহযোগিতা করা এবং সব সম্প্রদায়ের মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব। দুর্গাপূজা যেন আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সচেতন থাকতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজনীন সুলতানা বলেন, বান্দরবানে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে সম্প্রীতি ও সৌহার্দ্যের ঐতিহ্য রয়েছে। এ ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে ৩৩টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে মোট ২৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এ অর্থ পূজার আয়োজন ও ব্যবস্থাপনায় সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.