চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিয়ের তিন দিন আগে মো. নয়ন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৬ এপ্রিল) ভোরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয়রা।
নিহত নয়ন উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝির বাড়ির ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. নাসিরের ছেলে। আগামী ৯ এপ্রিল তাঁর বিয়ের দিন ধার্য ছিল। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তুতিও প্রায় সম্পন্ন হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন নয়ন। পরে তাঁকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য রওনা দিলে পথেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা মো. ইদ্রিচ বলেন, ‘৯ এপ্রিল তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। সব প্রস্তুতি শেষ, আর মাত্র তিন দিন বাকি ছিল। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হচ্ছিল, কিন্তু পথেই তিনি মারা যান। এ মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।’ এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
