সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ-ইউনিট’ (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩, শাহজাদপুর সরকারি কলেজ, মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ (অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২) এবং শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ (অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১)—এই চারটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ-ইউনিটে মোট ৫ হাজার ১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৯১ জন অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিল ৭৯ দশমিক ৩৪ শতাংশ।
পরীক্ষা চলাকালে সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ছাত্র সংগঠন ও ক্লাবসমূহ দায়িত্ব পালন করে। এছাড়া পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য কেন্দ্রসংলগ্ন স্থানে বসার ব্যবস্থা করা হয়। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রক্টরিয়াল টিম, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী ও মেডিকেল টিম প্রস্তুত ছিল।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, ভর্তি কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের অবদানের কথা উল্লেখ করেন।
একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, বিদ্যুৎ বিভাগ ও শাহজাদপুরবাসীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, একই দিনে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৭ মার্চ ‘সি-ইউনিট’ এবং ৩ এপ্রিল ‘বি-ইউনিট’ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
কুশল/সাএ
