মধ্যপ্রাচ্যজুড়ে টানা ৪০ দিনের তীব্র সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনা ঘিরে উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে আলোচনার আগেই কঠোর বার্তা দিয়েছে তেহরান। আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের প্রেক্ষাপটে নিজেদের দৃঢ় অবস্থানের ইঙ্গিত দিয়েছে ইরান।
ইরানের এক সরকারি মুখপাত্র বলেছেন, পাকিস্তানে প্রতিনিধি দল পাঠানো আসলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতিরই অংশ। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, “ট্রিগারে তাদের আঙুল থাকবে,”—অর্থাৎ যেকোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত।
এর আগে রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, “আমরা আমাদের সার্বভৌম অধিকারের প্রশ্নে কোনো আপস করব না বা পিছু হটব না।”
তিনি আরও জানান, ইরানি প্রতিনিধি দল অত্যন্ত সতর্কতা ও নিখুঁত কৌশলের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছে। তার ভাষায়, “আমরা যুক্তিসঙ্গত সংলাপে বিশ্বাসী, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর আমাদের আস্থা নেই।”
এদিকে দীর্ঘ পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু। শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহাসিক এই আলোচনাকে ঘিরে পুরো ইসলামাবাদ শহরজুড়ে এক অভূতপূর্ব নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিতে শহরটিতে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে পাকিস্তান সরকার। এ ছাড়া মোতায়েন করা হয়েছে হাজার হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
কুশল/সাএ
