জামায়াতের ওপর দিনদিন আস্থা হারাচ্ছে জনগণ: এমপি রানু

X
সংসদ সদস্য রেহেনা আক্তার রানু
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য রেহেনা আক্তার রানু বলেছেন, জামায়াত নির্বাচন চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে। নির্বাচনের আগে ধোঁকাবাজি করেছে। নারী সমাজের মাঝে জান্নাতের টিকিট বিক্রি করেছে। আসছে স্থানীয় সরকার নির্বাচনে যারা স্বাধীনতার বিরোধীতা করেছিলো ওই সমস্ত গোষ্ঠিকে প্রত্যাখ্যান করতে হবে। ইসলাম কায়েম ও জান্নাতের টিকিট দেয়ার নামে নারীদের সাথে অপকর্মে লিপ্ত হওয়াসহ বিভিন্ন ঘটনার কারনে জনগন তাদের উপর দিনদিন আস্থা হারাচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে (৩০ জুলাই) নীলফামারী শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজ চত্ত্বরে মসজিদ ও একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে বিএনপি’র ভুমিধ্বস জয় পেয়েছে। কিন্তু আপনার এলাকায় ধানের শীষ প্রার্থী বিজয়ী হতে পারেনি। এতে ক্ষতি ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে এই এলাকার মানুষের ভাগ্যের।
বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ও নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমাদের দল বিএনপিকে আল্লাহ যদি রহমত দেন, তাহলে প্রধানমন্ত্রী যেভাবে হাল ধরেছেন, তাতে ইনশাআল্লাহ তার নেতৃত্বে আগামী পাঁচ বছর পর দেখবেন, আমাদের দেশের আর্থসামাজিক অবস্থার একটা বিশাল পরিবর্তন হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী কতক্ষণ ঘুমান, আমরা নিজেরাও জানি না। ১৬ থেকে ১৭ ঘণ্টা নিজে কাজ করেন। সকাল ৯টার মধ্যে সচিবালয়ে যান। রাত ১১টা-১২টায় বাসায় ফেরেন। তিনি হেঁটে মন্ত্রণালয়ে যান। সকাল বেলা যাচাই করেন, ৯টার মধ্যে কোন মন্ত্রী অফিসে আসলেন, কোন মন্ত্রী আসলেন না। এই শ্রমটা আমাদের দরকার। এরকম লিডারশিপ আমাদের দরকার, আমাদের দেশের মানুষের জন্য।
তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি এখন বাস্তবায়িত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগে যখন জামায়াতে ইসলামী জান্নাতের কার্ড দিয়ে বেড়াচ্ছে, তখন কিন্তু তারেক রহমান ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কথা বলেছেন, মনে আছে? আজকে এগুলো বাস্তব। বেশির ভাগ সময় গরীব মেহনতি মানুষদের কথা রাজনীতিবীদরা চিন্তা করে না। কিন্তু তারেক রহমান তা চিন্তা করে। ফ্যামিলি কার্ডের গোটা নীলফামারী জেলায় রিক্রুটমেন্ট চলছে। কয়েকটি ইউনিয়নে, কয়েকটি উপজেলায় ফ্যামিলি কার্ডের কার্যক্রম চলছে। বাংলাদেশের বিভিন্ন উপজেলায় ইতোমধ্যে অনেকে ফ্যামিলি কার্ড পেয়ে গেছেন। এখন আপনারা বাস্তবে থাকবেন, নাকি হাওয়ায় জান্নাতে যাবেন, সেটি আপনারাই বিবেচনা করুন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক গোলাম মাজেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের সহধর্মিনী তামান্না ইয়াসমিন। মশিউর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি সোয়েল পারভেজ সভায় সভাপতিত্ব করেন।
মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে দেড় কোটি টাকা ব্যয়ে একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলা ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ এবং জেলা পরিষদের অর্থায়নে ৩লাখ টাকা দিয়ে মসজিদ নির্মাণ কাজ শুরু হলো আজ।
এরপর সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা, ডোমার নিলাহাটী মন্দির এর কাজ পরিদর্শন, শাহরিন ইসলাম তুহিন উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভা, ডোমার উপজেলা পরিষদের হল রুমে জেলা পরিষদের উদ্দ্যোগে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।