ঢাকা: জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার এবং ভবিষ্যৎ বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি বলেছেন, রক্তের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় প্রয়োজনে জীবন দিয়ে হলেও বাংলার মাটিকে ফ্যাসিবাদমুক্ত রাখা হবে।
ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে মঙ্গলবার(২৩ জুন) বিকালে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে মাওলানা মামুনুল হক বলেন, ‘জুলাই বিপ্লবের চেতনা ছিল বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ার। জুলাই বিপ্লবের চেতনা ছিল বুকের রক্ত ও জীবনের বিনিময়ে যে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে, সেই ফ্যাসিবাদ আর কখনো ফিরে আসবে না।’
তিনি বলেন, ‘আজ ২৩ জুন ঐতিহাসিক পলাশী দিবস। বিশ্বাসঘাতকতা ও গাদ্দারির মাধ্যমে যেদিন বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে বাংলার মসনদ কেড়ে নেওয়া হয়েছিল। এই ঐতিহাসিক দিনে আমরা বলতে চাই, রক্ত দিয়ে জুলাই বিপ্লব ঘটিয়েছি, রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি। জীবন দিয়ে হলেও বাংলার মাটিকে ফ্যাসিবাদ মুক্ত রাখবো ইনশাআল্লাহ।’
তিনি জুলাইসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপিকে সহযোদ্ধা উল্লেখ করে বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। দ্বিতীয় প্রজাতন্ত্রের মাধ্যমে যে বাংলাদেশের নতুন যাত্রা শুরু হয়েছে, সেই শহীদদের কাছে আমাদের অঙ্গীকার হলো—বিগত সময়ের সকল গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার করা হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের, আল্লামা সাঈদীকে মিথ্যা মামলায় সাজা দিয়ে শত প্রাণ ঝরে যাওয়া গণহত্যার, শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার, বিরোধীদলীয় দেশপ্রেমিক নেতাকর্মীদের ওপর পরিচালিত প্রতিটি বিচারিক হত্যাকাণ্ডের, ২০২১ সালের মোদী বিরোধী আন্দোলনে শাহাদাতবরণকারী শহীদদের এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করব ইনশাআল্লাহ।’
তিনি সতর্ক করে বলেন, ‘যদি বিএনপি এসব হত্যাকাণ্ডের যথাযথ বিচার করতে ব্যর্থ হয়, তাহলে আগামীর বাংলাদেশে তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
শরীফ উসমান হাদী হত্যাকাণ্ডের বিচার দাবি করে তিনি বলেন, ‘এই হত্যাকারীদের বিচার করার অধিকার বাংলাদেশের রয়েছে। হত্যাকারীদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। যদি তা করতে ব্যর্থ হয়, তাহলে ভারতকে এ বিষয়ে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’
জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান যাদুঘর নিয়ে বর্তমান সরকার টালবাহানা করছে। কেউ জুলাই বিপ্লবের পিঠে ছুরিকাঘাত করার চেষ্টা করলে ইতিহাস থেকে তারা নির্মূল হয়ে যাবে।’